দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই মহারণে দুই দলের কৌশল, তারকা ফুটবলারদের লড়াই এবং মাঝমাঠের দখলই নির্ধারণ করে দিতে পারে শিরোপার ভাগ্য।
ফাইনালের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বৈরথ হতে পারে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ও আর্জেন্টিনার বাঁ-প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফিকোর মধ্যে। চোট কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরা ইয়ামালকে আটকানো আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হবে।
অন্যদিকে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে থামানোর দায়িত্ব থাকবে স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় আইমেরিক লাপোর্তে ও পাও কুবার্সির ওপর। সাম্প্রতিক ম্যাচগুলোতে গোল করার পাশাপাশি আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মেসি। তাই তাকে জায়গা না দেওয়াই হবে স্পেনের প্রধান লক্ষ্য।
দুই দলের খেলার ধরনেও রয়েছে স্পষ্ট পার্থক্য। স্পেন পুরো টুর্নামেন্টে বলের নিয়ন্ত্রণ, দ্রুত চাপ সৃষ্টি এবং সংগঠিত রক্ষণভাগের ওপর ভর করে ফাইনালে উঠেছে। এখন পর্যন্ত তারা মাত্র একটি গোল হজম করেছে।
অন্যদিকে আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল খেলে টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেছে। অতিরিক্ত সময়ের নাটকীয় জয় ও পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়ে ফাইনালে পৌঁছেছে লিওনেল স্কালোনির দল।
মাঝমাঠের লড়াইও হতে পারে ম্যাচের অন্যতম নির্ধারক বিষয়। স্পেনের রদ্রি ও ফাবিয়ান রুইসের বিপরীতে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল ও লিয়ান্দ্রো পারেদেসের পারফরম্যান্স ম্যাচের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা ঠিক করে দিতে পারে।
এছাড়া এই ফাইনালকে দেখা হচ্ছে দুই প্রজন্মের প্রতীকী লড়াই হিসেবেও। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির বিপরীতে ১৯ বছর বয়সী লামিন ইয়ামালের প্রথম আন্তর্জাতিক মুখোমুখি লড়াই ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে। স্পেন জিতলে অনেকের চোখে এটি হবে বিশ্ব ফুটবলে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার প্রতীকী মুহূর্ত, আর আর্জেন্টিনা জিতলে মেসির নেতৃত্বে আরেকটি বিশ্বজয়ের ইতিহাস রচিত হবে।
তথ্যসূত্র: আল-জাজিরা
/অ